প্রজেক্ট: দশক রোধবক্স (Decade Resistance Box)
আমি আগে বাইনারি রোধবক্সের সার্কিট দিয়েছিলাম। সবচেয়ে কম রোধ ব্যবহার করে ঐ সার্কিট বানানো সম্ভব হলেও তা বানাতে আমাদের একটু সমস্যায় পড়তে হয়েছে। কারণ রোধগুলো একটা একটা বিক্রি করছিল না দোকানিরা। ৫টা, ১০টা, ৫০টা বা ১০০টার সেট হিসেবে সাধারণত বিক্রি করে তারা।
তাই ডেসিমাল রোধবক্স আমাদের জন্য সবচেয়ে উপযোগী। কারণ পাওয়া সহজ। ১০টা করে ১ ওহম, ১০ ওহম, ১০০ ওহম, ১০০০ ওহম রোধ আর ৪টা ১২ পিনের রোটারি সুইচ কিনে নিন। এবার তার আর তাঁতাল নিয়ে কাজে লেগে যান। (সার্কিটের সবুজ তারটা রোটারি সুইচের কমনে যুক্ত হবে, ফলে তা স্থান পরিবর্তন করে বিভিন্ন মান তৈরি করতে পারবে।)
উপকরণ:
- ১০টি ১ ওহম রোধ-১০ ওয়াট কমপক্ষে (সিরামিক): ১৫০-২০০ টাকা
- ১০টি ১০ ওহম রোধ-১ ওয়াট কমপক্ষে (মেটাল): ২০-৩০ টাকা (৯টি ব্যবহার করবো)
- ১০টি ১০০ ওহম রোধ-১/৪ ওয়াট কমপক্ষে (মেটাল): ১০ টাকা (৯টি ব্যবহার করবো)
- ১০টি ১০০০ ওহম রোধ-১/৪ ওয়াট কমপক্ষে (মেটাল): ১০ টাকা (৯টি ব্যবহার করবো তবে ১-১০০০ ওহমের রোধবক্স বানাতে চাইলে একটাও লাগবে না।)
- ৪টি {১-১০০০০ ওহম}/৩টি {১-১০০০ ওহম} ১২ পিনের রোটারি সুইচ: ৩২০-৪৮০ টাকা (ভালো মানের, সিরামিক/তাইওয়ান সুইচ)
- একজোড়া বাইন্ডিং পোস্ট/কানেক্টর: ৩০-৫০ টাকা
- তার (ঘরে মোটা তার পরে থাকলে ব্যবহার করে ফেলুন)
- বক্স (একটা প্লাস্টিকের টিফিন বক্স নিয়ে নিতে পারেন)
তাছাড়া যে যন্ত্রপাতি প্রয়োজন হবে:
- ৬০ ওয়াট তাঁতাল কিট: ৩৫০-৪৫০ টাকা (অ্যাডজাস্টেবল তাঁতাল + স্ট্যান্ড + রাঙ + রজন)
- ওহমের মান দেখায় এমন মাল্টিমিটার (নিজের বানানো রোধবক্স পরীক্ষা করার জন্য): ৩০০-৩০০০টাকা।
সতর্কতা:
- সার্কিটের ওয়াটেজ অজানা থাকলে রোধবক্সের সবচেয়ে ছোট রোধগুলো এড়িয়ে চলা ভালো। বেশি ওয়াটে কম মানের রোধ পুঁড়ে যেতে পারে।
- রোধ শূন্য রেখে সার্কিট কানেকশন দেয়া কখনোই উচিৎ না। অভ্যন্তরীণ রোধ অনেক কম হওয়ায় রোধবক্স এতে গরম হয়ে খুব দ্রুত নষ্ট হয়ে যায়।
- এই রোধবক্সটি ২.৫ বিভব পার্থক্য সম্পন্ন ১-১০ হাজার ওহম পর্যন্ত যেকোনো রোধই ব্যবহারের জন্য নিরাপদ। তবে ০ রোধ নিরাপদ না।
বিঃদ্রঃ এই দশক রোধবক্সগুলো দামে অন্য রোধবক্সের চেয়ে সস্তা হয়। তবু বানানো সম্পন্ন করেছেন মানে আপনি সবচেয়ে কম খরচে একটা ১২,০০ টাকা দামের ল্যাবে ব্যবহার উপযোগী একটা যন্ত্র বানালেন। যা আপনার ল্যাবের ১২,০০ টাকা দামের যন্ত্রটার চেয়ে নিখুঁত। তাছাড়া বাজারের রোধগুলো ১০ ওয়াটের হয় না, এর চেয়ে কম ক্ষমতার হয়। ফলে আপনার-আমার এই রোধবক্স রেডিমেট রোধবক্স থেকে অনেক বেশি টেকসই। আর আমরা টলারেন্স ব্যবহার করেছি ১%। তাই এটা অনেক বেশি নিঁখুত মান দিবে বাজার থেকে কেনা ৫-১০% টলারেন্সের রোধবক্স থেকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন